শিরোনাম

সাফে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য: ডুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাফে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য: ডুলি
সাফ নিয়ে বড় স্বপ্ন দেখছেন থমাস ডুলি

বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন হয়েছিল ঘরের মাঠের আয়োজনে, সেই ২০০৩ সালে। সাফের আগামী আসরের আয়োজক বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে বাংলাদেশের কোচ থমাস ডুলি বললেন, চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য।

সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসর আগামী ৪ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। রাজধানীর একটি হোটেলে শনিবার (২৫ জুলাই) এবারের প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। মোবাইল ব্র্যান্ড টেকনো এবারের সাফের টাইটেল স্পন্সর।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ ডুলি।

ডুলি বলেন, ‘টুর্নামেন্টের মূল লক্ষ্য? আপনাদের কী মনে হয়? অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। শেষ পর্যন্ত আমরা জিতবো কি না জানি না, তবে আমি আপনাদের বলতে পারি, জেতার জন্য সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছি।’

বাংলাদেশ পুরুষ ফুটবলে সাফের একমাত্র শিরোপাটি জিতেছে ২৩ বছর আগে। সেই প্রসঙ্গ টেনে ডুলি বলেন, ‘২৩ বছর হয়ে গেছে (প্রথম সাফ জয়)। তাই আমি মনে করি, এখন সময় এসেছে। আমাদের আত্মবিশ্বাসের সাথে এগোতে হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নয়। লক্ষ্য তখনই পূরণ হবে, যখন সবাই তাদের সেরা খেলাটা খেলবে।’

দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ডুলির। ৬৫ বছর বয়সী এই কোচ নিজের খেলোয়াড় জীবনের মানসিকতা দেখতে চান তপু-মোরসালিনদের মধ্যে। ডুলি বলেন, ‘আমার সবসময় যে মানসিকতা থাকে, যখন খেলতাম, যখন কোচিং করাই- আমি প্রতিটি ম্যাচ জিততে চাই। কার বিপক্ষে খেলছি তা বিবেচ্য নয়। আমরা যদি জার্মানি, ব্রাজিল বা আর্জেন্টিনা বা অন্য যে কোনো দলের বিপক্ষে খেলি, আমি জিততে চাই।’

সাফে ফুটবল বিশ্বের শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলতে হয় না, বিষয়টি মনে করিয়ে দিয়ে ডুলি বলেন, ‘সাফে আমরা আর্জেন্টিনা-ব্রাজিল, জার্মানি বা ইংল্যান্ড এমন কোনো দলের বিপক্ষে খেলছি না, আমরা আমাদের প্রতিবেশী দলগুলোর বিপক্ষে খেলবো। তারাই সেই দল যারা র‍্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু পিছিয়ে বা একটু এগিয়ে আছে। আমরা যদি এটিকে খুব সহজভাবে নিই, তাহলে স্পষ্টতই খুব কঠিন হবে, কিন্তু যদি আমরা গুরুত্ব সহকারে নিই, তবে ওই ট্রফিটি জেতার সম্ভাবনা আমাদের আছে।’

এক বছরেরও বেশি সময় ধরে হামজা-শোমিতদের সাথে খেলার সুবাদে দলের মধ্যে বোঝাপড়া এখন আগের চেয়ে ভালো। ডিফেন্ডর তপু তাই দেখছেন বড় স্বপ্ন। ‘২৩ বছর আগে আমরা সাফ জিতেছি, আসলে এটা আমাদের মনে হয়, সবার মূল লক্ষ্য জেতা। আমাদের দেশে খেলা, গ্যালারিতে আমাদের সমর্থক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমাদের একটা বড় দায়িত্ব আছে, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা সবার চেয়ে ভালো এবং আমরা যোগ্য।’

/টিই/