মার্কিন-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
মার্কিন-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার যেকোনো চক্রান্ত ব্যর্থ করে দিতে মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, মুসলিম বিশ্বের ঐক্য, সার্বিক নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তেহরান।

ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান জানান। আলোচনা চলাকালে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন এবং গাজা, লেবাননসহ ইরানের ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।

বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলোর পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা এ অঞ্চলের স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে বিভাজন তৈরির যে চেষ্টা যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা চালিয়ে যাচ্ছে, তা প্রতিহত করতে মুসলি বিশ্বকে একজোট হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি।

পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেন মাসুদ পেজেশকিয়ান। তেহরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আলোকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে মুসলিম দেশগুলোর নিবিড় ঐক্য, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের বিষয়টি জোর দিয়ে তুলে ধরা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক কাতারে আসার তাগিদ দেন পেজেশকিয়ান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/