ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা
লিওনেল মেসি

এবার লন্ডনের প্যালাডিয়ামে আয়োজিত ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে ৩০ জন মনোনীত খেলোয়াড়ের তালিকায় থাকলেও, সেখানে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছিল, আয়োজকরা মেসির জন্য অপেক্ষা করছেন। তবে ইন্টার মিয়ামির ম্যাচ শেষ হওয়ার পর লন্ডনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

শনিবার নিউ জার্সির হ্যারিসনের স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মিয়ামি। ম্যাচটিতে ২-০ গোলে হেরে যায় মিয়ামি, আর বদলি হিসেবে ৫৬ মিনিটে মাঠে নামেন মেসি। এর আগে শুক্রবার স্পেনের ওভিয়েদো থেকে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রে ফেরেন।

মিয়ামিতে ফিরে মেসি এখন ব্যস্ত নিজের প্রতিষ্ঠিত ‘মেসি কাপ’-এর দ্বিতীয় আসর নিয়ে। এছাড়া বুধবার রাতে এফসি সিনসিনাতির বিপক্ষে ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সব মিলিয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে যাতায়াতের দীর্ঘ ভ্রমণ সামলানো মেসির জন্য বেশ কঠিন হতে পারে।

ব্যালন ডি’অরের মনোনয়ন পেলেও এবার নবমবারের মতো এই পুরস্কার জেতার সম্ভাবনা মেসির খুব কম বলেই ধারণা করা হচ্ছে। তবে অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত জল্পনা অব্যাহত রয়েছে।

/টিই/