ব্যালন ডি’অর জিতলে ফুটবলাররা নগদ কত টাকা পান?

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অর জিতলে ফুটবলাররা নগদ কত টাকা পান?
ব্যালন ডি’অর ট্রফি

বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জেতা যেকোনো খেলোয়াড়ের জন্য বড় অর্জন। এই সম্মান একজন ফুটবলারকে বিশ্বসেরার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় জায়গা করে দেয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই পুরস্কার জিতলে কি বিজয়ীর হাতে নগদ অর্থও দেওয়া হয়?

বাস্তবতা হলো, ব্যালন ডি’অর জয়ের জন্য আয়োজকদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আর্থিক পুরস্কার দেওয়া হয় না।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ১৯৫৬ সালে এই পুরস্কারের প্রচলন করে। ব্যালন ডি’অরের আয়োজকরা বিজয়ীকে সোনালি ট্রফি ও বিশ্বসেরার স্বীকৃতি দিলেও নির্ধারিত অঙ্কের নগদ অর্থ দেন না।

তবে কোনো ফুটবলারের ক্লাবের সঙ্গে চুক্তিতে ব্যালন ডি’অর জয়ের জন্য বিশেষ বোনাসের শর্ত থাকলে তিনি বড় অঙ্কের অর্থ পেতে পারেন। সে ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্ভর করে চুক্তির শর্তের ওপর।

তবে ব্যালন ডি’অর জিতলে একজন খেলোয়াড়ের বাণিজ্যিক মূল্য অনেক বেড়ে যেতে পারে। বিশ্বজুড়ে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় নতুন বিজ্ঞাপনী চুক্তি, স্পনসরশিপ ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম থেকে আয়ের সুযোগ তৈরি হয়।

ব্যালন ডি’অর জয়ের কারণে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক পুরস্কার পাওয়ার নজিরও রয়েছে। ২০১৮ সালে এই পুরস্কার জয়ের পর ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ তার স্পন্সর প্রতিষ্ঠান নাইকির কাছ থেকে প্রায় ৮ লাখ ইউরো বোনাস পেয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

ব্যালন ডি’অরের ট্রফি কি পুরোপুরি স্বর্ণের তৈরি?

সোনালি রঙের আকর্ষণীয় ট্রফিটি দেখে অনেকের ধারণা হতে পারে, এটি পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি। কিন্তু বাস্তবে তা নয়। ফরাসি গহনা নির্মাতা প্রতিষ্ঠান মেলেরিও ট্রফিটি হাতে তৈরি করে। এর বলের আকৃতির মূল অংশটি পিতল দিয়ে তৈরি, যার ওপর সোনার প্রলেপ দেওয়া হয়। নিচের অংশে ব্যবহার করা হয় পাইরাইট পাথরের ভিত্তি।

ট্রফিটি তৈরিতে কারিগরদের প্রায় ১০০ ঘণ্টা সময় লাগে বলে জানা যায়। আয়োজক বা নির্মাতা প্রতিষ্ঠান ট্রফিটির নির্দিষ্ট মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

ব্যালন ডি’অর জয়ের জন্য সরাসরি নগদ অর্থ না পেলেও এই পুরস্কার একজন ফুটবলারের ক্যারিয়ার, জনপ্রিয়তা ও বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

/টিই/