শিরোনাম

ইতালির কোচ হচ্ছেন পিরলো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইতালির কোচ হচ্ছেন পিরলো
আন্দ্রে পিরলো দুবাই ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন

ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অথচ দলটি গেল তিন বিশ্বকাপে বাছাইপর্ব পেরোতে পারেনি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দেবে ইতালি ফুটবল ফেডারেশন।

ডুবতে থাকা ইতালির ফুটবলের হাল কে ধরবেন, সে নিয়েই চলছে জল্পনা-কল্পনা। এবার জানা গেল, সাবেক ইতালিয়ান বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে পিরলো হতে যাচ্ছেন আজ্জুরিদের নতুন কোচ।

২০০৬ বিশ্বকাপ জয়ী পিরলো ইতালির কোচ হওয়ার খুব কাছে পৌঁছে গেছেন, এমন তথ্য জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তো। তাকে নিয়োগের ঘোষণা এই সপ্তাহের মধ্যেই দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও স্পেশাল অ্যাডভাইজর লিওনার্দো নিশ্চিত করেছেন, তারা পের গার্দিওলার সঙ্গে যোগাযোগ করার আগে প্রথমে আনচেলত্তির সাথে যোগাযোগ করেছিলেন। তবে ইতালির কোচ হওয়ার প্রস্তাব দুজনই প্রত্যাখ্যান করেছে। আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্বে আছেন।

৪৭ বছর বয়সী পিরলো ইতালির দায়িত্ব নিলে বার্ষিক প্রায় ১.৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন।

পিরলোর ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। তিনি জুভেন্তাসের কোচ ছিলেন। এই মুহূর্তে দুবাই ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিরলো।

/টিই/