শিরোনাম

এই দল কখনোই হার মানে না: স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এই দল কখনোই হার মানে না: স্কালোনি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই বাজিমাত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। প্রথম রাউন্ডে তিন ড্র শেষে নকআউটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলে বিদায় নিয়েছে দেশটি। কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রেফারি শেষ বাঁশি বাজাতেই যেনো হাঁফ ছেড়ে বাঁচলো আর্জেন্টিনা দল! তারা যে উৎকণ্ঠার মধ্য দিয়ে গেছে, তারই প্রতিফলন দেখা গেছে ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনির কথায়। রুদ্ধশ্বাস জয়ের পর তিনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা। এই দল কখনোই হার মানে না।’

এরপর স্বস্তি আর আবেগমিশ্রিত কণ্ঠে বললেন, ‘আমার ১০০তম ম্যাচে হারলে সেটা কেমন যেন হতো। কিন্তু এটাই তো ফুটবল।’

তবে ম্যাচ শেষে প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানাতে ভুলেননি স্কালোনি। তিনি বলেন, ‘কঠিন একটি ম্যাচ ছিল। তবে সবসময় ইতিবাচক দিকগুলোও দেখতে হয়। এই দল কখনো হার মানে না। প্রতিপক্ষকেও অভিনন্দন জানাই। বলা হয়, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, আজ তারা সেটাই প্রমাণ করেছে। তারা সত্যিই দুর্দান্ত একটি দল।’

ম্যাচ শেষে কেপ ভার্দের প্রশংসা করেছেন লিওনেল মেসিও। তিনি বলেন, ‘এই দল উরুগুয়ে আর স্পেনের কাছেও হারেনি। এটা তো এমনি এমনি হয়নি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছি, প্রথম গোল পেয়েছি, আর ভেবেছিলাম এরপর আমরা আমাদের খেলাটা খুঁজে পাব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বল হারিয়েছি, পিছিয়ে পড়েছি, ভালোভাবে প্রেস করতে পারিনি।’

তিন বলেন, ‘আমরা অগোছালো ছিলাম। ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল কারণ আমরা ওদের সাথে টেক্কা দিতে পারছিলাম না। ওদের পায়ে বল ছিল না, এরপরও ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল, কারণ আমরা ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না।’

বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘আজ আমরা যথারীতি অনেক পরিশ্রম করেছি- ভালো খেলি বা খারাপ খেলি। এখন গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে সেটা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো বের করা।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির দল কষ্ট করলেও শেষ পর্যন্ত পৌঁছে গেছে শেষ ষোলোতে। ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি টার্গেট শট নেয় আর্জেন্টিনা, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৬টি শট নেয় কেপ ভার্দে, যার ৫টিই ছিল লক্ষ্যে। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় হবে এই লড়াই।

/জেএইচ/