শিরোনাম

‘ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল’
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই বাজিমাত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। প্রথম রাউন্ডে তিন ড্র শেষে নকআউটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলে বিদায় নিয়েছে দেশটি। কষ্টার্জিত জয়ের পর তাই আত্মসমালোচনায় মেতে উঠলেন ‘ফুটবল জাদুকর’ লিওনেল মেসি।

তিনি বলেন, ‘এই জাতীয় দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে তারা লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করবে। আমরা ওদের ওপর ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না। মাঝে মাঝে রক্ষণাত্মক জায়গা থেকে যখন আমরা সেন্ট্রাল ব্যাকের ওপর চড়াও হতে চাচ্ছিলাম, তখন দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়ে যাচ্ছিল; সেন্ট্রাল ব্যাকদের এগিয়ে এসে ডিফেন্ড করার জন্য দূরত্বটা বড্ড বেশি ছিল।’

ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে জানতেন উল্লেখ করে মেসি বলেন, ‘এই দল উরুগুয়ে আর স্পেনের কাছেও হারেনি। এটা তো এমনি এমনি হয়নি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছি, প্রথম গোল পেয়েছি, আর ভেবেছিলাম এরপর আমরা আমাদের খেলাটা খুঁজে পাব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বল হারিয়েছি, পিছিয়ে পড়েছি, ভালোভাবে প্রেস করতে পারিনি।’

তিন বলেন, ‘আমরা অগোছালো ছিলাম। ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল কারণ আমরা ওদের সাথে টেক্কা দিতে পারছিলাম না। ওদের পায়ে বল ছিল না, এরপরও ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল, কারণ আমরা ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘তারা তাদের অস্ত্র দিয়েই লড়াই করেছে। আমরা জানতাম এটা কঠিন হবে। এটা নকআউট, কেউ আপনাকে কিছু ফ্রি-তে দেবে না। যদিও আমরা নামের ভিত্তিতে দলগুলোকে বিচার করি, আমরা জানতাম এটা মোটেই সহজ হবে না। এবারের বিশ্বকাপ তো এটাই বলে দিচ্ছে।’

বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘আজ আমরা যথারীতি অনেক পরিশ্রম করেছি- ভালো খেলি বা খারাপ খেলি। এখন গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে সেটা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো বের করা।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির দল কষ্ট করলেও শেষ পর্যন্ত পৌঁছে গেছে শেষ ষোলোতে। ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি টার্গেট শট নেয় আর্জেন্টিনা, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৬টি শট নেয় কেপ ভার্দে, যার ৫টিই ছিল লক্ষ্যে। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় হবে এই লড়াই।

/জেএইচ/