শিরোনাম

মেসির দুটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে হালান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির দুটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে হালান্ড
লিওনেল মেসি (বাঁয়ে) ও আরলিং হালান্ড (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চ্যাম্পিয়নস লিগের মাঠে নামলেই যেন রেকর্ডের খাতা নতুন করে লিখতে বসেন আরলিং হালান্ড। এবার ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির দুটি রেকর্ড নিজের নামে করে নেওয়ার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন ম্যানচেস্টার সিটির এ নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ইউরোপসেরার লড়াইয়ের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে সিটির ২-০ ব্যবধানের জয়ে একাই জোড়া গোল করেছেন হালান্ড। দুই গোলেই চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যা পৌঁছে গেছে ৫৯-এ। রেড বুল সালজবুর্গের হয়ে ৮টি, বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে ১৫টি এবং সিটিতে আসার পর ৩৬টি গোল করেছেন তিনি। এই ৫৯ গোল নিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কোকে।

তবে হালান্ডের চোখ এখন ৬০ গোলের মাইলফলকে। আর এখানেই তার সামনে অপেক্ষা করছে মেসির একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ। মেসি ২৬ বছর ৮৬ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে নিজের ৬০তম গোলটি করেছিলেন। অন্যদিকে, হালান্ডের বর্তমান বয়স ২৬ বছর ৫০ দিন। ১৪ অক্টোবর পিএসজির বিপক্ষে পরের ম্যাচে যখন মাঠে নামবেন, তখন তার বয়স হবে ২৬ বছর ৮৫ দিন। অর্থাৎ, ওই ম্যাচে জাল খুঁজে পেলেই মেসির চেয়ে ঠিক একদিন কম বয়সে ৬০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।

বয়সের হিসাব ছাড়াও ম্যাচের হিসেবে মেসিকে বেশ ব্যবধানে পেছনে ফেলার সুযোগ রয়েছে হালান্ডের। ৬০ গোল করতে মেসির লেগেছিল ৮০টি ম্যাচ। আর হালান্ড মাত্র ৫৯ ম্যাচেই করে ফেলেছেন ৫৯ গোল। ফলে পরের ম্যাচেই গোল পেলে সবচেয়ে কম ম্যাচ খেলে ৬০ গোলের নতুন ইতিহাস লিখবেন এ সিটি তারকা।

এর আগেও চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০, ২০, ৩০, ৪০ ও ৫০ গোলের মাইলফলক ছোঁড়ার রেকর্ড নিজের করে নিয়েছেন হালান্ড। এবার কেবল ৬০-এর ঘর পেরিয়ে নিজেকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার অপেক্ষা।

/এমএকে/