শিরোনাম

আর্জেন্টিনার বিপক্ষে খেলা স্বপ্ন পূরণের মতো: কেপ ভার্দের গোলরক্ষক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে খেলা স্বপ্ন পূরণের মতো: কেপ ভার্দের গোলরক্ষক
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

কয়েক সপ্তাহ আগেও ফুটবলবিশ্বের কাছে তিনি ছিলেন এক অচেনা মুখ। অথচ চলতি বিশ্বকাপে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এখন অন্যতম আলোচিত নাম। তার অবিশ্বাস্য ও দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করা ভোজিনিয়া এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছেন।

গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলোকে রুখে দিয়ে শেষ ৩২-এ নাম লিখিয়েছে কেপ ভার্দে। এবার নকআউট পর্বে তাদের সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর ভোজিনিয়া নিজের অনুভূতি প্রকাশ করে জানান, আর্জেন্টিনার মতো পরাশক্তি এবং লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামা যেকোনো ফুটবলারের জন্য এক পরম স্বপ্ন পূরণের মতো ঘটনা।

ভোজিনিয়ার এ সাফল্যের পেছনের গল্পটাও বেশ আবেগের। শুরুতে অর্থের অভাবে তার মায়ের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সুযোগ ছিল না। পরে অবশ্য অর্থের ব্যবস্থা হওয়ায় এখন গ্যালারিতে বসেই ছেলের বীরত্ব দেখছেন মা। মায়ের সামনেই ইতিহাস গড়া এ গোলরক্ষক বলেন, তারা জানতেন দল হিসেবে তারা কতটা শক্তিশালী। অনেকেই ভেবেছিল তারা একটি ম্যাচও জিততে পারবে না, কিন্তু তারা প্রমাণ করেছেন যে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে। মাত্র ৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দে বাছাইপর্বে ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে মূল পর্বে এসেছিল। বিশ্বমঞ্চে নিজেদের এই অভাবনীয় সাফল্য নিয়ে ভোজিনিয়া গর্বের সঙ্গে জানান, তারা মাঠের লড়াইয়ের মাধ্যমে বিশ্বের সব কেপ ভার্দিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছেন। দেশ ছোট হলেও তাদের হৃদয় অনেক বড় এবং তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানেন।

/এমএকে/