শিরোনাম

সাবেক এমপি নুর মোহাম্মদ গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সাবেক এমপি নুর মোহাম্মদ গ্রেপ্তার
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান এলাকা থেকে নুর মোহাম্মদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নুর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিজয়ী হতে পারেননি।

এদিকে সাবেক এই সংসদ সদস্য, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাদের বিদেশ গমনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে নুর মোহাম্মদকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গোয়েন্দা পুলিশ।

/এমআর/