শিরোনাম

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি কলম্বিয়া-পর্তুগাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি কলম্বিয়া-পর্তুগাল
কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ ও পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও পর্তুগাল। হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহারণটি দুই দলের জন্যই নকআউট পর্বের সুবিধাজনক অবস্থান নিশ্চিত করার বড় সুযোগ। ইতোমধ্যেই শেষ ষোলোর পথে অনেকটা এগিয়ে থাকা এই দুই পরাশক্তির লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আকর্ষণীয় সমীকরণ কাজ করছে।

এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে নেস্টর লরেঞ্জোর শিষ্য কলম্বিয়া। উজবেকিস্তান ও ডিআর কঙ্গোকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লাতিন আমেরিকার দলটির আজ গ্রুপ সেরা হতে কেবল এক পয়েন্ট প্রয়োজন। লুইস দিয়াজের ক্ষিপ্র গতি আর মাঝমাঠের দারুণ বোঝাপড়ার পাশাপাশি দলটির রক্ষণভাগ এখন পর্যন্ত প্রতিপক্ষের জন্য এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছে। অন্যদিকে রবার্তো মার্তিনেজের পর্তুগাল মাঠে নামবে শুধু জয়ের লক্ষ্য নিয়ে। ডিআর কঙ্গোর সাথে ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও, পরের ম্যাচেই উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ইউরোর দলটি।

ম্যাচেও সবার চোখ থাকবে ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর, যিনি আগের ম্যাচেই নিজের চেনা ও বিধ্বংসী রূপ দেখিয়েছেন। ব্রুনো ফার্নান্দেস এবং জোয়াও ফেলিক্সের মতো তারকাদের উপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ যেকোনো রক্ষণব্যূহ ভেঙে চুরমার করতে সক্ষম। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দুই দল এর আগে কখনো মুখোমুখি হয়নি। ফলে অতীতের কোনো পরিসংখ্যান নয় বরং আজকের মাঠের পারফরম্যান্সই ঠিক করবে শেষ হাসি কারা হাসবে। কলম্বিয়ার সুশৃঙ্খল রক্ষণ বনাম পর্তুগালের তারকাখচিত আক্রমণের এ ধ্রুপদী দ্বৈরথ সমানে সমান হওয়ার আভাস দিলেও, বিশেষজ্ঞদের মতে পর্তুগালের বাড়তি আক্রমণাত্মক শক্তি তাদের কিছুটা এগিয়ে রাখছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্ত হার্ড রক স্টেডিয়ামে এক স্মরণীয় ফুটবল ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছেন।

/এমএকে/