শিরোনাম

ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন: হত্যার হুমকি দিয়ে এসেছিলো উড়ো চিঠি

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন: হত্যার হুমকি দিয়ে এসেছিলো উড়ো চিঠি
তারা কেউ বেঁচে নেই। এখন শুধুই স্মৃতি

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্য। এ ঘটনার প্রায় এক বছর আগে পরিবারটির গ্রামের বাড়িতে ডাকাত দলের একটি উড়ো চিঠি এসেছিল বলে দাবি স্বজনদের। সেই চিঠিতে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা দাবি করা হয়। দাবি পূরণ না হলে গৃহকর্তার প্রবাসী ছেলে ও নাতিকে হত্যার হুমকিও দেওয় জানিয়েছিল।

শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্লাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএ এবং স্থানীয় সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশ করা হয়।

নিহতরা হলেন- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

রোমের বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, ঘটনার সময় ফ্ল্যাট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় বাবুলের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে ইতালিতে থাকা অন্য স্বজনদের মাধ্যমে বাংলাদেশে থাকা স্বজনরা খবর পায়। বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম বলেন, ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে তারা এ হত্যাকাণ্ডের খবর জানতে পারেন।

তিনি বলেন, ‘চাচা দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় আমরা সবাই স্তব্ধ।’

স্বজনরা জানান, ২০২৫ সালের ২ জুলাই রাতে বাবুলের বাবা সিরাজুল ইসলামের বাড়ির ফটকের নিচে রেখে যাওয়া ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দলের উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা দাবি করা হয়।

দাবি পূরণ না হলে সিরাজুলের ছেলে ও নাতিকে হত্যার পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকিও দেওয়া হয় বলে জানান স্বজনরা।

কোম্পানিগঞ্জ থানার ওসি নুরুল হাকিম সাংবাদিকদের বলেন, ‘সেই সময় মৌখিকভাবে বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমরা নিয়মিত উনার পরিবারকে নিরাপত্তা দিয়েছি। এরমধ্যে আজ ইতালিতে তিনজনকে হত্যার বিষয়টি জানতে পেরেছি।’

/এসআর/