শিরোনাম

আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন কেপ ভার্দের কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন কেপ ভার্দের কোচ

টানা তিন ম্যাচ ড্র করে দারুণ এক রূপকথাই রচনা করেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে ৩ পয়েন্ট পেয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নবাগত কেপ ভার্দে উঠে গেছে নকআউট পর্বে। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার পরাক্রমশালী আর্জেন্টিনাকে টপকে শেষ ষোলোতে ওঠার স্বপ্নও দেখছে কেপ ভার্দে।

বাংলাদেশ সময় আগামী ৪ জুলাই ভোর ৪টায় মায়ামিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে পুঁচকে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এই ম্যাচের আগে দলটির কোচ বুবিস্তা ঘোষণা দিয়েছেন, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’সৌদি আরবের সঙ্গে ড্র করে বুবিস্তা সংবাদ সম্মেলনে যান দেশের পতাকা গায়ে জড়িয়ে সেখানে তিনি বলেন, ‘এই দল যা করে দেখিয়েছে, তার জন্য আমাদের নিজেদের এবং কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে।’ এরপর যোগ করেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার।’

এবার সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। বুবিস্তা অবশ্য ম্যাচের ফল নিয়ে এখনই ভাবছেন না, তাঁর কাছে বড় প্রাপ্তি বিশ্ব ফুটবলে দেশের নাম উজ্জ্বল করাটাই, ‘শুরু থেকেই আমাদের অন্যতম লক্ষ্য ছিল নিজেদের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা আর মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের দেশের জন্য দারুণ এক ব্যাপার, ম্যাচের ফল যা-ই হোক না কেন।’

বুবিস্তা এরপর যোগ করেন, ‘অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তবে একই সঙ্গে আমরা আফ্রিকারও প্রতিনিধি। এর বাইরে, আমরা বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটাই আমাদের মিশন। আমরা একটা উদাহরণ তৈরি করেছি যে—যদি আপনি মনোযোগ আর দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে আজ হোক বা কাল, লক্ষ্যে পৌঁছাবেনই।’

/আরএ/