বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হোর

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া। শুরুটা ভালো করতে চায় দলটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হোর ভাবনায় শুধুই বাংলাদেশ ম্যাচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কোচ তান চেং বলেন, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন। তাই আমরা এই (বাংলাদেশের বিপক্ষে) ম্যাচটিতে পুরোপুরি মনোযোগ দিচ্ছি।’

মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি দাতুক আব গনি হাসান দলকে আসিয়ান কাপের ফাইনালে দেখতে চান। সেই লক্ষ্যকে চাপ হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন চেং হো।

মালয়েশিয়ার কোচ আরও বলেন, ‘নতুন সভাপতির দেওয়া লক্ষ্যকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ফুটবলাররা এই প্রথম ফিফা আসিয়ান কাপে খেলতে মুখিয়ে আছে। ফুটবলে প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো ফল দিয়ে শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দলের ২৩ সদস্যের সবাই ফিট আছেন বলেও জানিয়েছেন চেং হো।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

/টিই/