এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরানুর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরানুর
ইমরানুর রহমান। ফাইল ছবি

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নাগোয়া সিটি মিজোহ পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে বাছাইপর্বে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি।

১০০ মিটার স্প্রিন্টে অনুষ্ঠিত হয় মোট ছয়টি হিট। বাংলাদেশের ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। তার সঙ্গে একই হিটে দৌড়েছেন মালদ্বীপের হাসান সাঈদ, সিঙ্গাপুরের লুইস এমবি, মালয়েশিয়ার মোহদ এম, চাইনিজ তাইপের ইয়াং সি ও ম্যাকাওয়ের লিওং লি।

প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। তাদের বাইরে ছয় হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারীও পান পরবর্তী পর্বের টিকিট। ইমরানুর নিজের হিটে চতুর্থ হলেও সময়ের বিচারে সেরা অতিরিক্ত ছয় প্রতিযোগীর একজন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

বাছাইপর্বে নিজের প্রত্যাশিত সময়ের ধারেকাছেও যেতে পারেননি বাংলাদেশের এই স্প্রিন্টার। ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা ১০.২৬ সেকেন্ড।

ইমরানুরের একই হিটে ব্যক্তিগত সেরা সময়ের হিসাবে এগিয়ে ছিলেন মালয়েশিয়ার মোহদ এম। তার ব্যক্তিগত সেরা ১০.০৯ সেকেন্ড।

সেমিফাইনালে নিজের সেরা ছন্দে ফিরতে পারলে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবেন তিনি।

এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে লক্ষ্য পূরণ করতে হলে বাছাইপর্বের তুলনায় অনেক দ্রুত দৌড়াতে হবে বাংলাদেশের দ্রুততম মানবকে।

/টিই/