শিরোনাম

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পূর্ণ মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতালুনিয়াভিত্তিক ক্লাবটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। ফুটবলার তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত বার্সেলোনায় অবস্থিত কাতালান ক্লাবটি মূলত তার উন্নত একাডেমির জন্য ফুটবল বিশ্বে বিশেষভাবে সমাদৃত। এই একাডেমি থেকেই উঠে এসেছেন জর্দি আলবা ও জেরার্ড মার্তিনের মতো তারকাদের পাশাপাশি আর্সেনালের বর্তমান গোলরক্ষক ডেভিড রায়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মূল লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে দ্রুত ত্বরান্বিত করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রেখে ক্লাবের ভিত্তি আরও শক্তিশালী করা। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের পাশাপাশি স্থানীয় শিকড়ের সাথে গভীর সংযোগ বজায় রাখা হবে।

বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ২০১২ সালে ন্যু-ক্যাম্পে যোগ দেওয়ার আগে কর্নেয়া একাডেমিতেই দীর্ঘ ছয় বছর কাটিয়েছিলেন। ইলিয়ে সানচেজও এই একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনার বি দলে যোগ দেন এবং বর্তমানে তিনি এমএলএস-এর ক্লাব অস্টিন এফসিতে খেলছেন।

ইউরোপীয় কোনো ফুটবল ক্লাবের মালিকানায় এটিই মেসির প্রথম পদার্পণ হলেও ক্লাব ব্যবসায় এটি তার প্রথম বিনিয়োগ নয়। তিনি উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম-এর অন্যতম অংশীদার, যেখানে তার সাথে রয়েছেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। মূলত যুব ফুটবলের প্রতি বিশেষ অঙ্গীকার ও একাডেমি ব্যবস্থার প্রতি আগ্রহ থেকেই মেসির এই নতুন পথচলা শুরু হয়েছে, যার প্রতিফলন দেখা গিয়েছিল গত ডিসেম্বর ২০২৫-এ তার আয়োজিত প্রথম মেসি কাপ প্রতিযোগিতায়।

/এমএকে/