শিরোনাম

ব্রাজিলকেই এগিয়ে রাখছেন হলান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলকেই এগিয়ে রাখছেন হলান্ড
নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ড

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেই নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। যেখানে শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে এ মহাদ্বৈরথের আগে সেলেসাওদেরই ফেভারিট মানছেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড। অতীতের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নরওয়ের পক্ষে কথা বললেও, এবার সাম্বার দেশের বিপক্ষে জয়ের ব্যাপারে খুব একটা আশাবাদী নন ম্যানসিটির এই তারকা স্ট্রাইকার।

ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে নরওয়ে। ম্যাচ শেষেই উল্লাসে ফেটে পড়েন দলটির সমর্থকরা। মাঠেই মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ড্রামের তালে প্রতীকী বৈঠা বাওয়ার চেনা ‘ভাইকিং রোয়িং’ উদযাপনে মেতে ওঠেন ফুটবলাররা। তবে এই বুনো উল্লাসের রেশ কাটতে না কাটতেই পরবর্তী ম্যাচ নিয়ে বাস্তববাদী মন্তব্য করলেন হলান্ড। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলেন, ‘সম্ভাবনা খুবই কম।’ এর আগে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেছিলেন, শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে লড়াটাই এখন মাঠের আসল বাস্তবতা।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই পাঁচ গোল করেছেন এ ফুটবল তারকা। ১৯৯৮ সালের পর দেশকে প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে তোলার কারিগরও তিনি। নিজ দেশের ফুটবলপ্রেমীদের তুমুল উচ্ছ্বাস ও জাতীয় দলকে ঘিরে তৈরি হওয়া অভূতপূর্ব ঐক্য খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান হলান্ড। একই সঙ্গে দলকে সতর্ক করে তিনি বলেন, নকআউট পর্বের প্রতিটি দলই অত্যন্ত শক্তিশালী এবং এখান থেকে সামনে এগোনোর পথটা মোটেও সহজ হবে না। দুই দলের আগের চারবারের দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। কিন্তু সেই অপরাজিত থাকার ধারা এবারও বজায় থাকবে কি না তা নিয়ে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট খোদ নরওয়ের এ প্রধান ভরসার কণ্ঠে।

/এমএকে/