শিরোনাম

৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন
৯ দফা দাবিতে কুয়াকাটায় মানববন্ধন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

২০২৬-২৭ অর্থবছরে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলে উন্নয়নসহ ৯ দফা দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এই মানবন্ধনের আয়োজন করে স্থানীয় নাগরিক সমাজ।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, কলাপাড়া ও কুয়াকাটা নাগরিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো–

  • ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা
  • কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
  • পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা
  • শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা
  • কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ
  • কুয়াকাটাকে উপজেলায় উন্নীত করা
  • ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন
  • নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ
  • বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলা।
কুয়াকাটা

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। কিন্তু যানবাহনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ সড়কে যানজট ও দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।

তারা আরও বলেন, কুয়াকাটায় পায়রা সমুদ্রবন্দর, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, লাইটহাউসসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও সাম্প্রতিক বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি। এতে এ অঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা জানান, বর্তমানে কুয়াকাটায় তিন শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। পর্যটন খাতে বিনিয়োগকারীরা হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে কুয়াকাটাকে উপজেলায় উন্নীত করা জরুরি।

মানববন্ধনে বক্তারা ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

/জেএইচ/