শিরোনাম

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে বল পাঠাবে নাসা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে বল পাঠাবে নাসা
বিশ্বকাপের অফিসিয়াল বল ও নাসার লোগো (ইনসেটে)।

চলমান বিশ্বকাপে শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে অনুপ্রাণিত করতে এক অভাবনীয় ঘোষণা দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামার ঠিক আগমুহূর্তে মার্কিন শিবিরের জন্য এসেছে এই বড় চমক।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি চলতি বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তবে একটি অফিশিয়াল ‘সকার বল’ চাঁদে পাঠাবে নাসা। মঙ্গলবার (৩০ জুন) এক অনুষ্ঠানে এই রোমাঞ্চকর ঘোষণা দেন মার্কিন মহাকাশ সংস্থার প্রশাসক জেরাড আইজ্যাকম্যান। ফুটবল দলের সম্ভাব্য বিশ্বজয়কে চিরস্মরণীয় করে রাখতেই পৃথিবীর একমাত্র উপগ্রহে অফিশিয়াল বল পাঠানোর এ অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলকে উদ্দীপ্ত করে আইজ্যাকম্যান বলেন, এগিয়ে যাও, আমেরিকান দল, করে দেখাও!

নাসার পরিকল্পনা অনুযায়ী, কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতির সঙ্গে একটি রোবোটিক মিশনের মাধ্যমে ফুটবলটি চাঁদের বুকে নিয়ে যাওয়া হবে। মূলত চীন, জাপান ও রাশিয়ার মতো পরাশক্তিদের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর যে মহাপরিকল্পনা রয়েছে, এই উদ্যোগ তারই অংশ। এরই মধ্যে চলতি বিশ্বকাপ চলাকালে একটি অফিশিয়াল বল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে নাসা। তবে মার্কিন দল চ্যাম্পিয়ন হলে আরেকটি বল চলে যাবে আরও বহুদূরে, একেবারে চাঁদের দেশে। নাসার চন্দ্রঘাঁটি কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান এ মিশন বাস্তবায়নের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। তিনি জানান, ফুটবলটি ওজনে হালকা হওয়ায় এটি বহন করা সহজ হবে, তবে এখন পুরো বিষয়টি নির্ভর করছে পুরুষ ফুটবল দলের ওপর। নাসার এ মহাকাশ মিশনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যেতে ক্যালিফোর্নিয়ায় বসনিয়ার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

/এমএকে/