শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ
১০৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন করেছেন সেঞ্চুরি। এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হওয়ার এক বল আগে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় সেমিফাইনালে শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ২৩৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে।

শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৫ রান প্রয়োজন ছিল শাহাদাতের। প্রথম দুই বল থেকে এক রান নেন ডানহাতি ব্যাটার। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে ছক্কা মারেন রিপন। পরের বলে তিনি লেগ বাইয়ে সিঙ্গেল নিয়ে শাহাদাতকে স্ট্রাইকে পাঠান। পঞ্চম বলে চমৎকার ফ্লিকে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরির দেখা পান ২৪ বছর বয়সী এই ব্যাটার। ১১৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন ৬ আন্তর্জাতিক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলা শাহাদাত।

আলী রাজার জোড়া আঘাতে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। টানা দুই ওভারে সাইফ হাসান (২) ও মাহমুদুল হাসান জয় (৯) বিদায় নেন।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত। অঙ্কন ৪২ রানে সুফিয়ান মুকিমের শিকার হন। এই পাকিস্তানি বোলারের পরের ওভারে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ১১০ রান করা দল ১১৮ রানে পাঁচ ব্যাটারকে হারায়।

ষষ্ঠ উইকেটে এসএম মেহরব ও শাহাদাত ৫২ রান যোগ করেন। এরপর আবার ২২ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ দল।

শাহাদাত দলকে টেনে নিতে থাকেন। ১৯২ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ ২৩২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে।

/টিই/