১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে উনাদকাটের ইতিহাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে উনাদকাটের ইতিহাস
জয়দেব উনাদকাট

ক্রিকেটে ১১ নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করা হয় না। তবে সেই ধারণা এবার বদলে দিলেন ভারতের পেসার জয়দেব উনাদকাট। ১১ নম্বরে ব্যাট করতে নেমে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফির এলিট গ্রুপ ‘বি’ তে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন উনাদকাট। ২৬ বলে ৪০ রান করেন তিনি।

তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। এর আগে ২০২০ সালে ১১ নম্বরে নেমে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ড্যানি ব্রিগস। সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন উনাদকাট।

শুধু ব্যক্তিগত রেকর্ডই নয়, দশম উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে ৬২ রানের জুটিও গড়েছেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দশম উইকেটে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

২০২১ সালে পানামার হয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেঙ্গার আহির ও নিকুঞ্জ আহিরও ৬২ রান যোগ করেছিলেন। এই তালিকার সর্বোচ্চ জুটিটি ৬৩ রানের। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গ্র্যান্ট এলিয়ট ও জুলফিকার বাবর গড়েছিলেন সেই রেকর্ড।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে তামিলনাড়ু। জবাব দিতে নেমে একপর্যায়ে ৯২ রানেই ৯ উইকেট হারায় সৌরাষ্ট্র। জয়ের জন্য তখনো প্রয়োজন ১০১ রান। পরে সাকারিয়াকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন উনাদকাত। তবে রেকর্ড গড়েও দলকে জেতাতে পারেননি। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে ৩৮ রানে ম্যাচ হারে তারা।

/টিই/