শিরোনাম

বিশ্বকাপে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব
আফগানিস্তানকে ম্যাচ জেতান রশিদ খান। বিশ্বকাপ বাছাই খেলবে ওয়েস্ট ইন্ডিজ

ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ শেষ তিন বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি তারা। ওয়ানডে ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু তাদের এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো খেলতে হবে বাছাইপর্বে। অর্থাৎ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে না আইসিসির পূর্ণ সদস্যের এই দেশটি।

বেলফাস্টে সোমবার (১০ আগস্ট) রাতে আফগানিস্তান-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডেতে পর এই ভাগ্য নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজকে এখন বাছাইপর্ব পেরোতে হবে। ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাছাই খেলতে হয় ক্যারিবিয়ানদের।

২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরে। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম ওয়েস্ট ইন্ডিজ।

৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ দুটি ম্যাচ জিতলেও তাদের শীর্ষ আটে ওঠা সম্ভব হবে না।

আফগানিস্তান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো।

/টিই/