শিরোনাম

রেকর্ড জুটিতে ১০ উইকেটে জিতলো নিউজিল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রেকর্ড জুটিতে ১০ উইকেটে জিতলো নিউজিল্যান্ড
টিম শেইফার্ট ও ফিন অ্যালেন ১৭৫ রানের জুটি গড়েন। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত দেয় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেবর্ডগড়া জুটিতে ১০ উইকেটে বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপ নেয়নি কিউইরা। শুরু থেকেই আমিরাতের বোলারদের দিকে আগ্রাসন দেখান কিউই ওপেনাররা। পাওয়ার প্লেতে আসে ৭৮ রান। এরপর আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই জয় পায় মিচেল স্যান্টনারের দল। মাত্র ৪২ বলে ৮৯ রানে সেইফার্ট ও ৫০ বলে ৮৪ রানে অ্যালেন অপরাজিত থাকেন।

ওপেনিং জুটিতে সেইফার্ট-অ্যালেন মিলে তোলেন ১৭৫ রান। তাতে হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে। দুজন সিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।

আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু। ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। এছাড়া হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন। আর ওয়াসিম ফিফটির পূরণের পর ৬৬ রানে অপরাজিত থাকেন। তার ৪৫ বলের ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। ম্যাচসেরা হন সেইফার্ট।

/টিই/