শিরোনাম

যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে জাহানারার অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে জাহানারার অসন্তোষ
জাহানারা আলম। ছবি: ফেসবুক

যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ রবিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায়।

জাহানারা আলমের আইনজীবীদের দাবি, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার তার থাকলেও বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এমনকি প্রতিবেদনের কোনো অনুলিপিও সরবরাহ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক। তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি বোধ করলেও এর স্বচ্ছতার অভাবে হতাশ তিনি।

গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতির প্রেক্ষিতে এই বিবৃতিটি প্রদান করা হয়।

বিসিবির বিবৃতির তথ্য অনুযায়ী, তদন্ত কমিটির কাছে জাহানারা আলমের করা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মিলেছে।

তবে কোন কোন অভিযোগ প্রমাণিত হয়েছে এবং অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কী কী তথ্যগত ভিত্তি কাজ করেছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি বিসিবি।

বিসিবি এও বলেছে, অনুসন্ধান কমিটি জাহানারার অভিযোগের ভিত্তিতে নয় বরং নিজস্ব উদ্যোগে গঠিত হয়েছে।

/টিই/