উইকেট সম্পর্কে আমাদের ধারণা ছিল না: লিটন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
উইকেট সম্পর্কে আমাদের ধারণা ছিল না: লিটন
লিটন দাস

এশিয়ান গেমসে স্বর্ণ পদকের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটের হারে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস, প্রস্তুতির ঘাটতি এবং উইকেট সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কথা বলেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নাগোয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তান ৯ বল হাতে রেখে জয় পায়।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘২০ ওভারের ম্যাচ যখন কোনো উইকেটে খেলা হয়, তখন উইকেটটা কীভাবে আচরণ করে, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখানে গত কয়েক দিনে আমরা কোনো ম্যাচ দেখার সুযোগ পাইনি এবং এই উইকেটে অনুশীলন করার সুযোগ ছিল না। তাই আমাদের কোনো ধারণাই ছিল না। ফলে প্রথম কয়েক ওভার আমরা কোনো ধারণা ছাড়াই খেলেছি। ধীরে ধীরে ব্যাটাররা উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে।’

শুরুটা ভালো করলেও মাঝের ওভারগুলোতে চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। লিটন বলেন, ‘যদি মাঝের ওভারগুলোতে একটু ভালো বোলিং করতে পারতাম এবং কম ছক্কা দিতে পারতাম, তাহলে আমাদের সুযোগটা আরও ভালো থাকতো।’

দুই ওভারে ৪১ রান দেওয়ার পরও কেন মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করা হলো এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘অনেক অপশন ছিল। মোস্তাফিজ যদি তিন উইকেট নিতো, তাহলে আপনারা এই প্রশ্নটা করতেন না। সে এতোদিন ধরে এটা করে আসছে। আমার মনে হয়েছে, মোস্তাফিজই সেরা অপশন এবং আমি তাকে ব্যবহার করেছি।’

/টিই/