জোহানেসবার্গ টেস্টে লিটনের বিশ্বরেকর্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জোহানেসবার্গ টেস্টে লিটনের বিশ্বরেকর্ড
কাগিসো রাবাদাকে স্টাম্পিংয়ের সময় লিটন দাস

ব্যাট হাতে শতরানের পর এবার উইকেটের পেছনে দাঁড়িয়ে অনন্য এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটন কুমার দাস। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন নিজের করে নিয়েছেন এ বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার।

ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করার মধ্য দিয়ে ইনিংসে নিজের সপ্তম ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পিং করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে আটটি ডিসমিসালের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো উইকেটকিপার এক ইনিংসে আটটি ডিসমিসাল করতে পারেননি।

এর আগে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল যৌথভাবে পাঁচজন কিপারের দখলে। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। সবাইকে পেছনে ফেলে এবার রেকর্ড বইয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন লিটন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে খেলার দ্বিতীয় দিনে প্রথম চার উইকেটের তিনটিই ক্যাচ নিয়েছিলেন লিটন। এরপর বৃষ্টিতে বারবার বিঘ্নিত হওয়া তৃতীয় দিনে প্রোটিয়াদের পতন ঘটা তিনটি উইকেটের সবকটিই জমা পড়েছিল তার গ্লাভসে। আর চতুর্থ দিনে এসে আরও দুটি দুর্দান্ত স্টাম্পিংয়ের সুবাদে এ ঐতিহাসিক কীর্তি গড়েন বাংলাদেশের তারকা এ কিপার-ব্যাটার।

/এমএকে/