দেশকে অস্থিতিশীল করতে মরিয়া আ.লীগ: এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করতে মরিয়া আ.লীগ: এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত হয়ে বিতাড়িত হওয়ার পর দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে দেশজুড়ে পতিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, থানায় অগ্নিসংযোগ, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন ও পরিচালনা সরাসরি ভারতে অবস্থান থেকে করা হচ্ছে।

এতে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া এবং দেশটির মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের এই ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭ শাখায় সিরিজ সন্ত্রাসবাদী হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই সংস্থাটি বাংলাদেশের সম্পদ। এ ধরনের হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ভুক্তভোগী হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই—এমন অশুভ বার্তা যাচ্ছে।

এতে বলা হয়েছে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। চলমান অগ্নিসন্ত্রাস ও নাশকতা কঠোরভাবে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ের আওয়ামী লীগের নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের মানুষের জানমাল এবং সরকারি-বেসরকারি স্থাপনা আক্রান্ত হওয়ার বাস্তবতায় সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুইজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করে যেকোনো মূল্যে আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

/এসবি/