এক্সপ্লেইনার

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘অমীমাংসিত সংঘাতে’ রূপ নিচ্ছে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘অমীমাংসিত সংঘাতে’ রূপ নিচ্ছে
প্রতীকী ছবি

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের কোনো তাড়া নেই- মার্কিন প্রেসিডেন্টের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার ঝড় বইছে। গত সপ্তাহের শেষের দিকে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন করে কোনো সমঝোতার তাগিদ হোয়াইট হাউসের নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং শত শত বিলিয়ন ডলারের ইরানি অর্থ তাদের মুঠোয় রয়েছে বলে দাবি করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন, সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের টাকা আমাদের কাছে আছে, শত শত বিলিয়ন ডলার, এবং তাদের প্রণালিও আমাদের দখলে!

একই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে ‘পূর্ণ মনোযোগ’ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অথচ এ ভ্যান্সই একসময় ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে জুনে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বার্তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। একদিকে তিনি দাবি করছেন যুদ্ধটি সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে, অন্যদিকে কূটনীতি ব্যর্থ হলে হামলা পুনরায় শুরু করতে দ্বিধায় থাকবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উভয় পক্ষ ঠিক কী চাইছে

পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী কথাবার্তা এবং যুদ্ধবিরোধী ভ্যান্সের অবস্থান দলের ভেতরের মতবিরোধকেই স্পষ্ট করে। প্রশাসনের একটি অংশ এ সংঘাত অমীমাংসিত রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।

এর বাস্তব রূপ হলো ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখা। তেহরান শুরু থেকেই জানিয়েছে, এসব শর্ত প্রত্যাহার না করলে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বা শান্তি আলোচনা শুরু করবে না। ৯ নভেম্বর ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কর্মকর্তাদের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এই অবস্থার অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। পেজেশকিয়ানের মতে, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু কোনো জবরদস্তির কাছে মাথা নত করবে না। অন্যদিকে, ইরানের প্রধান আলোচক ও সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, সিদ্ধান্ত এখন আমেরিকার কোর্টে- হয় তাদের শর্ত মানতে হবে, নয়তো যুদ্ধ চালিয়ে যেতে হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অমীমাংসিত যুদ্ধ আসলে কী

এ পরিভাষাটির নির্দিষ্ট কোনো আইনি সংজ্ঞা নেই। সাধারণ অর্থে এটি এমন এক অবস্থাকে বোঝায় যেখানে বড় আকারের রক্তক্ষয়ী লড়াই বা তীব্র লড়াই থমে গেছে, কিন্তু কোনো চূড়ান্ত শান্তি চুক্তি বা রাজনৈতিক সমাধান হয়নি। যে ইস্যুগুলো যুদ্ধের জন্ম দিয়েছিল, সেগুলোর সুরাহা ছাড়াই পরিস্থিতি চলতে থাকে।

এক্ষেত্রে সম্মুখ সমরক্ষেত্র বা শক্তির ভারসাম্য এক অলিখিত বাস্তবতায় রূপ নেয়। যেমনটি এখন ঘটছে- যুক্তরাষ্ট্র ইরানের বন্দর আটকে রেখেছে এবং ইরান হরমুজ প্রণালিতে অননুমোদিত জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিংবা আশেপাশের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। ১৯৯০ ও ২০০০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সংঘাতগুলোকে বর্ণনা করতে গিয়ে ‘স্থবির যুদ্ধ’ বা ‘frozen war’ ধারণাটি প্রথম চালু হয়েছিল। মলদোভার ট্রান্সনিস্ত্রিয়া, জর্জিয়ার আবখাজিয়া বা নাগোর্নো-কারাবাখের সংঘাতগুলো ছিল এ ধারণার প্রতীক। তবে এ স্থবিরতার মানে এই নয় যে সেখানে শান্তি বিরাজ করছে। বরং ছোটখাটো সংঘর্ষ, অবরোধ এবং অর্থনৈতিক যুদ্ধ চলতেই থাকে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কি সত্যিই স্থবির যুদ্ধে রূপ নিচ্ছে

এবছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ সংঘাতের সূচনা হয়। এরপর এপ্রিলে পাকিস্তানে আলোচনা এবং জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা বেশি দিন টেকেনি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্যের জেরে যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ১৪ জুলাই ওয়াশিংটন আবারও কঠোর নৌ অবরোধ আরোপ করে।

মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স-এর সিনিয়র নন-রেসিডেন্ট ফেলো মুহানাদ সেলুমের মতে, কূটনৈতিকভাবে আমরা ইতোমধ্যেই সেই অবস্থানে আছি এবং জুলাই মাস থেকেই আছি, যখন জুনের সমঝোতা স্মারকটি ভেস্তে যায়। তবে তিনি মনে করেন, লাগাতার নৌ অবরোধ, হরমুজের আশেপাশের জাহাজে হামলা এবং পাল্টাপাল্টি আক্রমণের মতো ঘটনাগুলোকে কেবল ‘স্থবির’ শব্দ দিয়ে হালকা করে দেখা ঠিক হবে না। কেপলারের বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর মাত্র পাঁচটি জাহাজ প্রণালি পার হতে পেরেছিল এবং পরের দিন কোনো জাহাজই যেতে পারেনি, যদিও মার্কিন পক্ষ জাহাজ এসকর্ট করার দাবি করেছিল। সেলুমের ভাষায়, যুদ্ধের রূপ বদলেছে, বিমান হামলা থেকে তা অবরোধে পরিণত হয়েছে, এবং অবরোধের অবসান ঘটে যখন অবরুদ্ধ পক্ষ হয় ভেঙে পড়ে অথবা বেরিয়ে আসে।

মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটনের সামনে কী বিকল্প আছে

বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ। অক্টোবরে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স-এর এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন এ যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ভ্যান্স সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা মনে করেন এ যুদ্ধের জন্য আগামী ৬ বছরের জন্য সিনেট হারানো যুক্তিযুক্ত, তাদের তা খোলাখুলি বলা উচিত। সেলুমের মতে, যুদ্ধের প্রতি সমর্থন ৩১ শতাংশে নেমে আসায় এবং কংগ্রেস সবেমাত্র হেরে যাওয়ায়, একটি স্থল অভিযান প্রায় অগ্রহণযোগ্য হয়ে পড়েছে।

তাছাড়া, কোনো শর্ত ছাড়াই যুদ্ধ শেষ করাও ট্রাম্পের জন্য রাজনৈতিক পরাজয় হবে। তেল রপ্তানি বন্ধ রাখতে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে ছেড়ে দেওয়া মানে ৮ মাসের যুদ্ধের পর ট্রাম্পের অর্জনের খাতা শূন্য। এপির প্রতিবেদন বলছে, ট্রাম্প নিজেও মানছেন যে বর্তমান ইরানি সরকারকে ক্ষমতায় রেখে সরে দাঁড়ানো এক ধরনের পরাজয়ের শামিল।

স্বাধীন প্রতিরক্ষা পরামর্শক তালহা আব্দুলরাজাক মনে করেন, বিস্ময়করভাবে, এমন কোনো সামরিক সমাধান নেই যেখানে স্থলবাহিনীর সম্পৃক্ততা নেই। কিন্তু সাধারণ জনগণ আরেকটি ইরাক বা আফগানিস্তানের মতো পরিস্থিতি নিয়ে শঙ্কিত থাকায় ট্রাম্প স্থলসেনা পাঠাতে নারাজ। আব্দুলরাজাক আরও বলেন, ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ)-র চেয়েও অনেক কঠোর চুক্তি চান। কিন্তু ওবামা আমলের সেই চুক্তি থেকে ট্রাম্প নিজেই একসময় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। ফলে ট্রাম্প বর্তমানে উভয় সংকটে পড়েছেন। জানুয়ারিতে নতুন কংগ্রেস ক্ষমতা নেওয়ার আগের এ সংক্ষিপ্ত সময়েই হোয়াইট হাউস বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে, কারণ অঞ্চলটিতে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর বাইরে গেলে ওয়াশিংটন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ নীতিকেই বেছে নেবে, কারণ তাদের বিশ্বাস ইরানের তুলনায় আমেরিকার অর্থনৈতিক সহ্যক্ষমতা অনেক বেশি।

মোজতবা খামেনি
মোজতবা খামেনি

তেহরানের সামনে আর কী বিকল্প আছে

অন্যদিকে, তেহরান মারাত্মক অর্থনৈতিক চাপে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চ থেকে জুন পর্যন্ত দেশটির অর্থনীতি ১০.১ শতাংশ সংকুচিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৮৩.৮ শতাংশে, আর রিয়ালের পতন তো অব্যাহত আছেই। কাতারের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করলেও মার্কিন শর্তে কোনো চুক্তি করতে তেহরান রাজি নয়। আব্দুলরাজাক মনে করেন, তেহরানের প্রধান অহিংস বিকল্প হলো কাতারের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনীতিতে যুক্ত হওয়া। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তিতে আসতে রাজি নয়, তাই এ অর্থনৈতিক চাপ শাসকগোষ্ঠীর জন্য মোকাবিলা করার মতো ক্রমবর্ধমান হতাশাজনক পরিস্থিতি তৈরি করবে।

ইতিহাস আমাদের কী শিক্ষা দেয়

অতীতে কোরীয় উপদ্বীপের সংঘাত কিংবা ইরাক-ইরান যুদ্ধের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এ ধরনের অচলাবস্থা বছরের পর বছর, এমনকি দশক পার করে দিতে পারে। কোরিয়া যুদ্ধ ১৯৫৩ সালে যুদ্ধবিরতিতে পৌঁছালেও আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যকার ইরাকের সঙ্গে এর মিল পাওয়া যায়, যেখানে সাদ্দাম হোসেনের শাসনব্যবস্থা নিষেধাজ্ঞা ও পর্যায়ক্রমিক হামলা সহ্য করেও টিকে ছিল।

তবে হরমুজ প্রণালির মতো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক জ্বালানি রুট যুক্ত থাকায় এ সংঘাতের প্রকৃতি কিছুটা আলাদা। জলপথের এ গুরুত্বের কারণে দীর্ঘমেয়াদী অচলাবস্থা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন। বৈশ্বিক অর্থনীতি এ ধরনের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরের স্থবিরতা অনির্দিষ্টকাল সহ্য করবে না। কাতারের মতো মধ্যস্থতাকারীরা এ বরফ গলাতে তৎপর থাকলেও, দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়, এ ধরনের স্থবির সংঘাত অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের চেয়েও বেশি সময় ধরে টিকে থাকে, যারা এগুলোকে টিকিয়ে রাখতে উসকানি দেন।

/এমএকে/