রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে পাকিস্তান, বিপদে শ্রীলঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে পাকিস্তান, বিপদে শ্রীলঙ্কা
১ম ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করার পর রাজাউল্লার উদযাপন

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে রান উৎসবে মেতেছিলেন দুই দলের ব্যাটাররাই। তবে দ্বিতীয় টেস্টের চিত্রটা সম্পূর্ণ আলাদা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুঁড়িয়ে দেওয়ার পর এবার ব্যাটিংয়েও নিজেদের আধিপত্য দেখাচ্ছে পাকিস্তান। প্রথম দিন শেষে ২৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে।

আগের দিন ৪৭ রান নিয়ে অপরাজিত থাকা আজান আওয়াইজ দ্বিতীয় দিনে নিজের রান বাড়াতে পারেননি। ১০৪ বলে ৬ চারে হাফ সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে আউট হন তিনি। এরপর শাকিল ও সাকিব খানের ৫৭ রানের জুটি পাকিস্তানের লিডকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করায়। এ জুটি ভাঙার পরই অবশ্য দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। শাকিল ২৪ রান করে ফেরার পর একে একে সাজঘরে ফেরেন সাকিব (৩৭), সালমান আগা (২১) ও আমির জামাল (১২)।

২৬১ রানে ৮ উইকেট হারিয়ে যখন দল কিছুটা চাপে, তখন ত্রাতা হয়ে আসেন গাজী ঘোরি ও রাজাউল্লাহ। তাদের ৫৬ রানের জুটিতে দলীয় সংগ্রহ তিনশ ছাড়ায়। এর আগে আমিরের সঙ্গেও ৪২ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন গাজী। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫৪ রানে তিনি আউট হওয়ার ঠিক পরের ওভারেই রাজাউল্লাহকে (৪২) নিজের পঞ্চম শিকার বানান লাহিরু কুমারা। টেস্ট ক্যারিয়ারে এ ডানহাতি পেসারের দ্বিতীয় ফাইফার এটি। শেষ পর্যন্ত পাকিস্তান ৩২৫ রানে অলআউট হলে তাদের লিড দাঁড়ায় ২২৭ রানের।

বড় লিডের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১০ রানের মাথায় লাহিরু উদারা (৭) ও দিনেশ চান্ডিমাল (০) সাজঘরে ফেরেন। কামিন্দু মেন্ডিসও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৬ রান করে ধরেন প্যাভিলিয়নের পথ। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে এরপর আর বিপদে পড়তে দেননি ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনে মিলে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে দিন শেষ করেন। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান। স্বাগতিকদের থেকে তারা এখনও ১৫৩ রানে পিছিয়ে সফরকারীরা।

/এমএকে/