পাঁচ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বিপদে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
পাঁচ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বিপদে বাংলাদেশ
মমিনুলকে বোল্ড করার পর রাবাদা

প্রথম ইনিংসে চারশ রান করেও প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বড় বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় শত রান পূর্ণ হওয়ার আগেই টপ অর্ডারের ৫ ব্যাটার সাজঘরে ফিরেছেন। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে থাকলেও চতুর্থ দিনে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৭ রান তুলতেই প্রথম সারির ৫ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই মাত্র এক রানের ব্যবধানে জোড়া ধাক্কা সফরকারীরা। দলীয় ১১ রানের মাথায় প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম ফিরে যান মাত্র ৪ রান করে। ইয়ানসেনের বলে রিকেলটনের গ্লাভসবন্দী হন তিনি। এর আগে ইয়ানসেনের আগের ওভারের শেষ বলেও কট বিহাইন্ডের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলেছিলেন। সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে গেলেও পরের ওভারের প্রথম বলেই বিদায় এড়াতে পারেননি তানজিদ।

এরপর ক্রিজে এসে টিকতে পারেননি মুমিনুল হক। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মোটে ১ রান। ১১ ও ১২ রানে দুই উইকেট হারিয়ে দল যখন চরম চাপে, তখন শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহফিজুল ইসলাম রবিন। আগের ইনিংসে শূন্য রান করা রবিন এ ইনিংসে দুই দফায় জীবন পান। প্রথম স্লিপে মুল্ডারের হাত থেকে বেঁচে যাওয়ার পর রিভিউ নিয়েও রক্ষা পান তিনি। পরে রাবাদাকে বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের খাতা খোলেন রবিন। তবে এ জুটিতে আর বেশিদূর এগোতে পারেনি দল। শান্ত ও রবিন মিলে ৩১ রানের জুটি গড়ার পর সিমন হারমারের বল আলতোভাবে ডিফেন্ড করতে গিয়ে এইডেন মার্করামের সহজ ক্যাচে পরিণত হন অধিনায়ক শান্ত। ১১ রান করেই থামতে হয় তাকে।

প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয় ও রবিন ৫৮ রান পর্যন্ত দলকে টেনে নিয়ে চা বিরতিতে যান। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের চতুর্থ ওভারেই ভেঙে যায় এ জুটি। হারমারের বল বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রবিন, তার নামের পাশে তখন ৩২ রান। এরপর ২৩ রান করা হৃদয়কেও টিকতে দেননি রাবাদা, রিকেলটনের হাতে ক্যাচ বানিয়ে তাকেও ফেরান এ পেসার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে সফরকারীরা এবং আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ ছিল।

এর আগে তৃতীয় দিন শেষে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে ছিল দক্ষিণ আফ্রিকা। তখনো তারা বাংলাদেশের চেয়ে ২৪ রান পিছিয়ে ছিল। দলের এমন নাজুক অবস্থা দেখে সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। প্রোটিয়া ব্যাটারের সেই চাওয়া শুধু পূরণই হয়নি, বরং দলীয় প্রাপ্তি তার ধারণাকেও ছাড়িয়ে গেছে। এদিন একটি সেঞ্চুরি ও দুটি দায়িত্বশীল জুটির ওপর ভর করে ১৫৭ রানের গুরুত্বপূর্ণ লিড তুলে নেয় স্বাগতিকরা। ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামার পথে বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ সর্বোচ্চ চারটি এবং মিরাজ ও তাসকিন দুটি করে উইকেট শিকার করেন। এর আগে হৃদয় ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে দারুণভাবে ৪০০ রান করেছিল বাংলাদেশ।

/এমএকে/