বাংলাদেশকে হারাতে পারলে ‘অক্ষয় কুমারের মতো’ নাচতে পারি: শ্রীলঙ্কার কোচ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে হারাতে পারলে ‘অক্ষয় কুমারের মতো’ নাচতে পারি: শ্রীলঙ্কার কোচ
শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি (বামে)

সাফ চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দেশটির সামনে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। তবে আশা বাঁচিয়ে রাখতে হলে লঙ্কানদের আজ হামজাদের হারাতে হবে। নয়তো অন্তত ড্র করতে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে গতকাল কিংস অ্যারেনায় দলের অনুশীলনের সময় বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সেখানে নিজের স্ত্রীর সঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমের তুলনা করেছেন তিনি। শুধু তাই নয়, লাল-সবুজের দলের বিপক্ষে জিতলে বলিউড অভিনেতা অক্ষর কুমারের মতো নেচে উদযাপন করতে পারেন বলে জানান তিনি।

মুতাইরি বলেন, ‘আগামীকাল আমরা জিতলে একটা কথা বলে রাখি, আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সাবধান থাকবেন!’

বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজার ছলে তিনি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তাঁর অর্থ হলো তার পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা সে রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।’

তবে ব্যক্তি হিসেবে মজার হলেও দলের জন্য নিবেদিত প্রাণ এই কোচ। ভুটানের সঙ্গে ড্রয়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বাংলাদেশ-ভারত ফাইনাল করতেই নাকি এই আয়োজন, এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও টুর্নামেন্টের আগে বাংলাদেশকে অন্যতম ফেবারিট বলেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মজার কথা বললেও ম্যাচটি নিয়ে বেশ সিরিয়াস মুতাইরি। বাংলাদেশের শক্তির কথা স্বীকার করেছেন তিনি। সেইসঙ্গে এই ম্যাচটিকে সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে বলে মন্তব্য করেন। তবে টুর্নামেন্টে টিকতে জয়ের বিকল্প দেখছেন না লঙ্কান কোচ। তিনি বলেন, ‘ফুটবলে আমার বিশ্বাস জয়ী হও, নয়তো শেষ হয়ে যাও।’

আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

/জেএইচ/