শিরোনাম

দুই ধাপে হবে আইপিএল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
দুই ধাপে হবে আইপিএল
আইপিএল ট্রফি। ছবি: সংগৃহীত

মার্চের শেষ সপ্তাহে আইপিএলের নতুন আসর মাঠে গড়াবে বলে ধারণা করা হচ্ছিলো। এবার জানা গেল ২-৩ দিনের মাঝে আইপিএলে প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করা হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া।

এর আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস আগামী ২৮ মার্চ থেকে আইপিএলের ২০২৬ আসর শুরু হবে বলে জানায়। তবে নতুন খবর আইপিএলের সূচি নির্ধারণ ও খেলা হতে পারে দুই ধাপে। আগামী মাসে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও কেরালায় রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে আইপিএলের সূচি নির্ধারণে ভাবতে হচ্ছে বিসিসিআইকে।

আইপিএলের সূচি ঘোষণা নিয়ে ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, ‘২-৩ দিনের মধ্যে কয়েকটি রাজ্যসভার নির্বাচনের সূচি দেখে আমরা আইপিএলের প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করবো। পরবর্তীতে ঘোষণা করা হবে বাকি অংশের সূচি।’

আইপিএলের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গেল আসরে আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু ৬ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে।

উল্লেখ্য, গত রবিবার (৮ মার্চ) আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ও সবমিলিয়ে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। এবার দেশটির ক্রিকেট ভক্তরা আইপিএলের অপেক্ষায় আছেন।

/টিই/