শিরোনাম

আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় হাসান মাহমুদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় হাসান মাহমুদ
অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে হাসান মাহমুদ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা হওয়ার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন। ডারউইনে দলকে স্মরণীয় জয় এনে দেওয়ার পুরস্কার হিসেবে আগস্ট মাসের সেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এ ডানহাতি পেসার। তিনজনের তালিকায় তার সঙ্গে মনোনীত হয়েছেন শ্রীলঙ্কার উদীয়মান ব্যাটার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের গতি তারকা ওলি রবিনসন।

ডারউইন টেস্টে অজিদের বিরুদ্ধে বাংলাদেশের ৯ উইকেটের বিশাল জয়ে মূল ভূমিকা ছিল হাসানের। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আরও ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন তিনি। পুরো সিরিজে মাত্র ১৯.৭৭ গড়ে মোট ৯টি উইকেট শিকার করেন এ পেসার। ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে বাংলাদেশ। এ পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

তালিকায় থাকা অন্য দুই ক্রিকেটারও পুরো মাসজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রান করার পুরস্কার হিসেবে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার সোনাল দিনুশা। দুই টেস্টের সিরিজে ৪২০ রান করা দিনুশা কলম্বো টেস্টে দলকে ফলো-অন থেকে বাঁচিয়ে ম্যাচ ড্র করাতে বড় অবদান রাখেন। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ফলো-অন করার পর টানা দুই ইনিংসে (১০৩ ও অপরাজিত ১৩৩) সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে গতির ঝড় তুলে সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়েছেন ইংলিশ পেসার ওলি রবিনসন। প্রথম দুই টেস্টে মাত্র ৭.১৮ গড়ে ১৬টি উইকেট নিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন তিনি। এর মধ্যে দুই ম্যাচেই তিনি আটটি করে উইকেট পান। দুর্দান্ত এ বোলিংয়ের কারণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে এখন ৫ নম্বরে রবিনসন।

পুরুষদের পাশাপাশি নারীদের ক্যাটাগরির মাসসেরার সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে আইসিসি। আগস্টের সেরা হওয়ার এই দৌড়ে মনোনীত হয়েছেন থাইল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুলেপোরন লাওমি ও নান্নাপাত কোঞ্চারোয়েনকাই এবং ইংল্যান্ডের লুসি বার্নেট।

/এমএকে/