সেঞ্চুরির পর আউট রিকেলটন, দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড

সিটিজেন জার্নাল লাইফস্টাইল ডেস্ক
সিটিজেন জার্নাল লাইফস্টাইল ডেস্ক
সেঞ্চুরির পর আউট রিকেলটন, দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড
১৫৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচটি বেশ রোমাঞ্চকর মোড় নিয়েছে। চতুর্থ দিনে প্রথম ইনিংস শেষে ১৫৭ রানে লিড নিয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ১০১.২ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১২০ রানের ঝকঝকে একটি ইনিংস উপহার দেন অভিজ্ঞ লিটন দাস।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারাও জবাব দেয় সমানতালে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে ১২৪.১ ওভারে ৫৫৭ রান তোলে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের কারিগর ছিলেন মার্কুয়েজ অ্যাকারম্যান ও রায়ান রিকেলটন। অ্যাকারম্যান খেলেন ১৫৭ রানের ম্যারাথন ইনিংস, আর রিকেলটনের ব্যাট থেকে আসে ১০২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার হাসান মাহমুদ। প্রোটিয়া ব্যাটারদের দাপটের মাঝেও দারুণ বোলিং করে ৪টি উইকেট নিজের ঝুলিতে ভরেন তিনি।

প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও ওয়ান্ডারার্সের উইকেটে ম্যাচের ভাগ্য এখনো দুলছে। চতুর্থ দিনের বাকি সময়টুকুতে বাংলাদেশের ব্যাটাররা কতটা ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকতে পারেন, তার ওপরই নির্ভর করছে এ টেস্টের ভবিষ্যৎ।

/এমএকে/