শিরোনাম

বাংলাদেশের জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা
ডারউইনে টেস্ট জয়ের বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে। ডারউইনে বাংলাদেশের জয়কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অন্যতম বড় অঘটন হিসেবে তুলে ধরেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিজেদের দেশের ক্রিকেটারদের করেছে সমালোচনা। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলকে।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘গবস্ম্যাকিং শ্যাম্বলস’ হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ এমন পরিস্থিতি, যা একই সঙ্গে বিস্ময়কর ও চরম বিশৃঙ্খল।

মারারা স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করেছে দ্য অস্ট্রেলিয়ান। তাদের মতে, পুরো ম্যাচেই পিচ ছিল দারুণ। অথচ ম্যাচের শুরুতে দুই দলের শক্তির ব্যবধান এতটাই বড় মনে হচ্ছিলো যে একতরফা লড়াই হতে পারে বলেই ধারণা করা হয়েছিল।

অস্ট্রেলিয়া সর্বশেষ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে এবং নিজেদের আগের ২৩ টেস্টের ১৮টিতে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ, এশিয়ার বাইরে নিয়মিত সংগ্রাম করেছে এবং নিজেদের সর্বশেষ ২৬ টেস্টের ২২টিতে হেরেছিল।

অস্ট্রেলিয়ায় আসার আগেও জিম্বাবুয়ে ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম হেরাল্ড সান শিরোনাম করেছে ‘ডিজাস্টার ইন ডারউইন’ অর্থাৎ ডারউইনে বিপর্যয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে কঠোর ভাষায় অস্ট্রেলিয়ার হারকে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বাংলাদেশের জয়কে অস্ট্রেলিয়ার জন্য ‘হতাশাজনক ও অপমানজনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবিসি স্পোর্ট বাংলাদেশের জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় অঘটন হিসেবে দেখেছে। তাদের বিশ্লেষণে বলা হয়, র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ মাত্র কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল। জুনে জিম্বাবুয়ের কাছেও হেরেছিল তারা। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়াকে আরও বেশি অবিশ্বাস্য বলে মনে হয়েছে।

বাংলাদেশের এই জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে সরাসরি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় দিন।’

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ড্যামিয়েন ফ্লেমিংয়ের কাছে এই জয় বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা।

ক্রিকেট নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টের জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেটও বাংলাদেশের জয় নিয়ে রসিকতা করতে ছাড়েনি। ইংল্যান্ডকে খোঁচা দিয়ে তারা উল্লেখ করেছে, গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড যতগুলো টেস্ট জিতেছে, বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় ঠিক ততগুলো টেস্ট জয় পেয়েছে।

/টিই/