শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়ার দাবিকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়ার দাবিকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বাংলাদেশ বিমানের উড়োজাহাজ চাওয়া নিয়ে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার কাছে শেখ হাসিনার এ দাবিকে ‘হাস্যকর’ মনে হয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন, তাকে যেন ভারত থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে ফেরানো হয়। এই প্রতিবেদনের প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আইসিটিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'শেখ হাসিনা ফেরারি ও পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্র্যাফট চাচ্ছেন, এটা হাস্যকর ঘটনা। তার জনৈক মুখপাত্রের এই দাবি একটা উন্মাদনা ছাড়া আর কিছু আমি মনে করি না।'

আমিনুল ইসলাম এরপর যোগ করেন, 'একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।'

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পেট্রোপোল সীমান্ত পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, 'এটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে নয়। অন্য দেশে তাদের তৎপরতা, সেটি কি কূটনৈতিক চ্যানেল ছাড়া বলা যায়। তাদের তৎপরতা আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে।'

/আরএ/