শিরোনাম

সিরিজসেরা হয়ে আরও এক বিশ্বরেকর্ড সূর্যবংশীর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিরিজসেরা হয়ে আরও এক বিশ্বরেকর্ড সূর্যবংশীর
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হয়েছেন বৈভব সূর্যবংশী

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সেই এই গৌরব অর্জন করলেন তিনি। বিশ্বমঞ্চে অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে তিন ম্যাচের সিরিজ শেষে তার হাতেই ওঠে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।

রবিবার (২৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন বৈভব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর দারুণ এক সম্ভাবনার মুখে দাঁড়িয়েছিলেন তিনি। তবে ব্র্যাড ইভান্সের একটি অবিশ্বাস্য ক্যাচে থামতে হয় তাকে। শেষ পর্যন্ত সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া না হলেও পুরো সিরিজজুড়ে এই তরুণ ব্যাটারের দাপট ছিল চোখে পড়ার মতো। তিন ম্যাচে মাত্র ৭৭ বল খেলে দুটি ফিফটিসহ মোট ১৫১ রান করেন তিনি।

এ অভাবনীয় অর্জনের পথে বৈভব পেছনে ফেলেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬ বছর ৩২৮ দিন বয়সে সিরিজসেরা হয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন মুজিব। এবার বৈভব সেই রেকর্ড নিজের নামে করে নিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের আগমন কেবল ছয় ম্যাচের হলেও, ইতোমধ্যেই এটি তার দ্বিতীয় বিশ্বরেকর্ড। চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ফিফটি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। পাশাপাশি রবিবারের ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কারও পান এ তরুণ।

/এমএকে/