শেফালি তাণ্ডবে বাংলাদেশের স্বর্ণপদকের স্বপ্ন শেষ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেফালি তাণ্ডবে বাংলাদেশের স্বর্ণপদকের স্বপ্ন শেষ
সেঞ্চুরির পর শেফালি ভার্মার উদযাপন

এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। ভারতের করা ৪ উইকেটে ১৯৫ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ৮১ রানে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে শেফালি ভার্মা সেঞ্চুরি করেন ৪৯ বলে। ৩ চার ও ৯ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে এটি শেফালির প্রথম সেঞ্চুরি। এই বছর শেফালির ছক্কা হলো ৩৫টি। এক পঞ্জিকাবর্ষে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। এছাড়া ৪০ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌর।

টি-টোয়েন্টিতে দুইশ ছুঁইছুঁই রান তাড়ার সামর্থ্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেই। তাদের ব্যাটিংয়ে দেখা যায়নি লড়াইয়ের ছাপও। ওপেনার জুয়ায়রিয়া ফেরদৌস (০) আলগা শটে ফেরেন প্রথম বলেই। সোবহানা মোস্তারি (৭ বলে ৪) ও নিগার সুলতানা (৯ বলে ৯) পারেননি বেশিক্ষণ টিকতে।

ওপেনিংয়ে নামা দিলারা আক্তার চারটি চার ও একটি ছক্কায় করেন ২৭ রান। তিনি ছাড়া দুঅঙ্ক স্পর্শ করতে পারেন কেবল ছয়ে নামা শারমিন আক্তার (২০ বলে ১০) ও লোয়ার অর্ডারে সুলতানা (৮ বলে ১২*)। ভারতের কাছে এ নিয়ে টানা ১০ টি-টোয়েন্টি হারলো বাংলাদেশ।

ফাইনালে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই দিনে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

/টিই/