শিরোনাম

আইসিসির পুরস্কার পেলেন সাহিবজাদা ফারহান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আইসিসির পুরস্কার পেলেন সাহিবজাদা ফারহান
সাহিবজাদা ফারহান। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ইংল্যান্ডের উইল জ্যাকস আর যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিককে পেছনে ফেলে ফেব্রুয়ারির আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি।

টি-টুয়েন্টি বিশ্বকাপে সাহিবজাদা ব্যাট হাতে পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। তার দল বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উজ্জ্বল।

বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭৬.৬০ গড় আর ১৬০.২৫ স্ট্রাইক রেটে ফারহান করেছেন ৩৮৩ রান। তাতে বিরাট কোহলির এক আসরে সর্বাধিক রান করার রেকর্ড ভাঙেন। শুধু তাই নয়, বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি করার প্রথম কীর্তিও গড়েছেন ফারহান।

সেঞ্চুরি করার পথে নামিবিয়া আর শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়েছেন তিনি।

পুরস্কার পেয়ে আপ্লুত ফারহান আইসিসির ওয়েবসাইটে বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে এমন সম্মান পাওয়া অবিশ্বাস্য অনুভূতির। যখন পুরো বিশ্ব তাকিয়ে থাকে, তখন ভালো করার আনন্দই আলাদা। এই ছন্দটা আমি ধরে রাখতে চাই।’

ফেব্রুয়ারিতে মেয়েদের ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তার। শ্রীলঙ্কার হর্শিতা সামারাবিক্রমা ও পাকিস্তানের ফাতিমা সানাকে হারিয়ে মাসসেরার মুকুট পরেছেন এই ভারতীয় পেসার।

/টিই/