শিরোনাম

বিসিবি থেকে আরো ৩ পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
বিসিবি থেকে আরো ৩ পরিচালকের পদত্যাগ
মেহেরব আলম, মঞ্জুরুল আলম ও শাহনিয়ান তানিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন আরো তিনি পরিচালক। তারা হলেন–শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম। শনিবার (৩ এপ্রিল) রাতে মেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা জানান তারা।

জানা গেছে, শনিবার ছিল বিসিবির ম্যারাথন সভা। দুপুর থেকে শুরু হওয়া এ সভা চলে দীর্ঘ ৯ ঘণ্টা। সভা শেষে শুরু হয় পদত্যাগের হিড়িক। প্রথমই পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু। তিনি সভাতেই উপস্থিত ছিলেন। সভা শেষেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের চিঠি পাঠিয়ে দেন।

এরপরই কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করেন বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম, সিকিউরিটি কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরী এবং মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুর আলম। তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে, গত ২৪ জানুয়ারি পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদই ছেড়ে দেন আমজাদ হোসেন। আর ২ এপ্রিল বোর্ড ছেড়ে যান লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

বিসিবির মিডিয়া কমিটি ও কমিউনিকেশন কমিটির প্রধান মোখসেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যারা পদত্যাগ করেছেন তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সুতরাং এটা তাদের বিষয়।’

প্রসঙ্গত, নির্বাচনের মাধ্যমে ২৩ এবং সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনএসসি মনোনীত দুই পরিচালক নিয়ে বোর্ড গঠিত হয়েছিলো। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেনকে সহসভাপতি মনোনীত করা হয়। তবে টানা পদত্যাগের ঘটনায় সবমিলিয়ে বিসিবিতে এখন পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

/এফআর/