শিরোনাম

আশরাফুলের আশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আশরাফুলের আশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ
মোহাম্মদ আশরাফুল। ছবি: সিটিজেন জার্নাল

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্রামে আছেন ক্রিকেটাররা। তবে ঈদের পর মাঠে নামতে হবে তাদের। টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

আসন্ন সিরিজ নিয়ে শুক্রবার (২২ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে (সিরিজ) অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনোই জেতা হয়নি। যদিও বেশি ম্যাচ খেলিনি। অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’

২০২১ সালের আগস্টে শেষবার বাংলাদেশে খেলতে এসে টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় পাঁচ বছর পর আসছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। জয়ের আশাবাদ ব্যক্ত করে আশরাফুল বলেন, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে।’

আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট সাবেক এই ব্যাটার, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ।’

/টিই/