শিরোনাম

পাকিস্তান সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা সিমন্সের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা সিমন্সের
বাংলাদেশ কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতি দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৬ সালের প্রথম সিরিজে আগামী বুধবার (১১ মার্চ) মাঠে নামবেন মিরাজরা, প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।

সোমবার (৯ মার্চ) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে উইকেট প্রসঙ্গে সিমন্স বলেন, ‘এবারের উইকেটগুলো অনেক বেশি ভালো মনে হচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরের ধাপে যাওয়া।’

গেল বছর সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেখান থেকে আবার ভালো শুরুর কথা জানালেন সিমন্স, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করেছিলাম এবং আমরা সেখান থেকে আর পিছিয়ে যেতে চাই না।’

ঘরোয়াতে সবশেষ ম্যাচে নিজেদের প্রস্তুতি নিয়ে সিমন্স বলেন, ‘গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি, সেই ধারা বজায় রাখা এবং কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করা প্রয়োজন। আমার কাছে এখনকার উইকেটগুলো অনেক বেশি ভালো মনে হচ্ছে। আমি বিপিএলের শেষ অংশটা দেখেছি, দুই দিন আগে যে ম্যাচটা হলো সেটাও দেখেছি। উইকেট এখন আগের চেয়ে অনেক উন্নত। ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়।’

/টিই/