শিরোনাম

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত
৪৪ বলে ৮১ রান করেন ইশান কিষাণ

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরে ভারত সমালোচনার মুখে পড়েছিল। তবে জিম্বাবুয়ে সিরিজে এসে ভাগ্য ফিরেছে ভারতের। টানা দ্বিতীয় জয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিলো মেন ইন ব্লুরা।

হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত ৯০ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ইশান কিষাণ ও তিলক ভার্মার ব্যাটে ভর করে ৫ উইকেটে ২১৯ রান করে সফরকারীরা ১৭.৫ ওভারে ১২৯ রানে জিম্বাবুয়েকে অলআউট করে জয় নিশ্চিত করে।

বৈভব সূর্যবংশী দারুণ শুরু করেছিলেন। কিন্তু ৩ চার ও ১ ছয়ে ২০ রানের ইনিংস থেমেছে নবম বলে। আরেক ওপেনার অভিষেক শর্মা (৮) সুবিধা করতে পারেননি।

২৯ রানে ২ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে জুটি গড়েন ইশান। দুজনের ৬৬ রানের জুটি ভাঙে শ্রেয়াসের উইকেটে। অধিনায়ক শ্রেয়াস ২০ বলে করেন ২৫ রান। চতুর্থ উইকেটে তিলক ও ইশানের ৯৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেয় ভারত।

৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮১ রান করেন ইশান। ২৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিলক।

লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের হয়ে একজনই ত্রিশের ঘর পার করতে পেরেছেন। ব্রায়ান বেনেট ওপেনিংয়ে নেমে ৩২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে মারুমানির ব্যাট থেকে। ২০ রান করেন রায়ান বার্ল।

ভারতের হয়ে অভিষেক শর্মা ৩ উইকেট নেন। ২.৫ ওভারে মাত্র ১৭ রান দেন তিনি। ২টি করে উইকেট নেন যশ ঠাকুর ও প্রিন্স যাদব।

/টিই/