ডি থ্রি টুর্নামেন্ট নিলামে ২ কোটি পয়েন্টে ফরচুনে তানজিদ, মুস্তাফিজ-শান্তরা যে দলে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ডি থ্রি টুর্নামেন্ট নিলামে ২ কোটি পয়েন্টে ফরচুনে তানজিদ, মুস্তাফিজ-শান্তরা যে দলে
ডি থ্রি টুর্নামেন্ট নিলাম

আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতার নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ।

সোমবার (২৬ অক্টোবর) পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন দেশের ২৮১ জন ক্রিকেটার।

তবে অর্থ দিয়ে পছন্দের খেলোয়াড় বাছাইয়ের পরিচিত রীতি থাকছে না বিসিবির নতুন এই টুর্নামেন্টে। ডি থ্রিতে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।

নিলামের প্রথম ডাকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে শেখ মেহেদী হাসানকে দলে নিয়েছে এইস ব্লুস্টার। ওপেনার সৌম্য সরকারের জন্য লড়াই করেছে ওয়ালটন ও ফরচুন। যদিও শেষ পর্যন্ত ৭৫ লাখে বাঁ-হাতি ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।

ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না স্পিনার রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশ খেলবেন তিনি। তবুও তিনি দল পেয়েছেন। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে ভিড়িয়েছে ফরচুন। মুস্তাফিজুর রহমানও বিগ ব্যাশ খেলার অনুমতি পেয়েছেন। এজন্য তার দরও কিছুটা কম। ৭০ লাখে তাকে দলে নিয়েছে সেভেস রিংস।

অন্যদিকে নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৬০ লাখে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় তানজিদ হাসান তামিম। ২ কোটিতে তাকে দলে নিয়েছে ফরচুন।

প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ৩১ ডিসেম্বর। তবে ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

টুর্নামেন্টের ৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো– অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লুস্টার। নিলামে সব মিলিয়ে আছেন ২৮১ ক্রিকেটার। এর মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম হচ্ছে। আর ৬ জন ক্রিকেটার আইকন হিসেবে ইতোমধ্যে দল পেয়ে গেছেন। নুরুল হাসান সোহান ব্লুস্টার, তাওহীদ হৃদয় ফরচুন, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমি, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট এবং মেহেদী হাসান মিরাজ খেলবেন ওয়ালটনে।

টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। প্রতিযোগিতার কাঠামো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে।

পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। পরাজিত দল, দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরের জয়ী দলের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল পাবে ফাইনালের টিকিট।

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পাশাপাশি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও হবে গ্রুপ পর্বের ৭টি ম্যাচ।

/জেএইচ/