আবাহনী-মোহামেডান প্রীতি ম্যাচ, দুই দলেই খেলবেন আমিনুল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আবাহনী-মোহামেডান প্রীতি ম্যাচ, দুই দলেই খেলবেন আমিনুল
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বাংলাদেশের ফুটবলে আবাহনী-মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব। দুই দলের লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। এবার প্রতিদ্বন্দ্বিতার বাইরে সম্প্রীতি ও পুনর্মিলনের বার্তা নিয়ে মাঠে নামছেন দুই ক্লাবের সাবেক ফুটবলাররা।

আগামী ১৯ নভেম্বরের এই বিশেষ প্রীতি ম্যাচে দুই দলের হয়েই খেলবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে প্রদর্শনী ম্যাচটি। মাঠের ফুটবলীয় লড়াইয়ের পাশাপাশি এর মধ্য দিয়ে দুই ক্লাবের সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের আবারও একত্রিত করার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।

২০২৪’র আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আবাহনী ক্লাবের কার্যক্রমে ছন্দপতন ঘটে। বর্তমানে সেখানে খেলাধুলা চললেও আগের মতো জৌলুস নেই।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন দেশের সাবেক তারকা গোলরক্ষক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ঘরোয়া ফুটবলে আবাহনী ও মোহামেডান, দুই ক্লাবের হয়েই খেলার অভিজ্ঞতা আছে তার। আসন্ন ম্যাচেও দুই দলেই খেলবেন।

ব্যতিক্রমী উদ্যোগ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে আবাহনী ক্লাব ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।

/টিই/