শিরোনাম

প্রথমবার ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমবার ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
অভিষিক্ত ম্যাট হলার্ডকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: ইএসপিএনক্রিকইনফো

ক্রিকেট বিশ্বে চমক দেখিয়ে টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবারের মতো শক্তিশালী ভারতকে হারাল আয়ারল্যান্ড। শুক্রবার (২৬ জুন) ঘরের মাঠে লরকান টাকার ও গ্যারেথ ডেলানির দায়িত্বশীল ব্যাটিং এবং অভিষিক্ত পেসার ম্যাট হলার্ডের দুর্দান্ত বোলিংয়ে ৩৪ রানের এ অবিস্মরণীয় জয় তুলে নেয় আইরিশরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না আয়ারল্যান্ডের। মাত্র ৫১ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে তারা। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন টাকার ও ডেলানি। পঞ্চম উইকেটে তাদের দারুণ জুটিতে চাপ সামলে ঘুরে দাঁড়ায় দল। টাকার দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন। অন্যদিকে মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হওয়া ডেলানি খেলেন ৪৯ রানের কার্যকর ইনিংস। এরপর জর্জ ডকরেলের ১৯, টিম টেক্টরের ১৭, বেন কালিজের ১৫ ও রস অ্যাডায়ের ১২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় স্বাগতিকরা।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মা এক প্রান্ত আগলে রেখে ৪৯ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিলক ভার্মা (১৯), অক্ষর প্যাটেল (১৫) ও শিবম ডুবে (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রানও স্পর্শ করতে না পারায় শেষ পর্যন্ত ১৪৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচেই বল হাতে ভেলকি দেখিয়ে জয়ের নায়ক বনে যান পেসার ম্যাট হলার্ড, তুলে নেন ৩টি উইকেট। এছাড়া ম্যাথিউ হ্যাম্প্রেস ৩টি এবং জাই মন্ড্রা ২টি উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসিয়ে দেন।

/এমএকে/