স্বর্ণ জিতে ১৭ বছর বয়সেই বিশ্বরেকর্ড ওহাশির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
স্বর্ণ জিতে ১৭ বছর বয়সেই বিশ্বরেকর্ড ওহাশির
১৭ বছর বয়সী সাঁতারু শিন ওহাশি

জাপানের ১৭ বছর বয়সী সাঁতারু শিন ওহাশি এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পথে গড়েছেন বিশ্বরেকর্ড। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন ইতিহাস তৈরি করেছেন এই তরুণ সাঁতারু। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড। তিনি ভেঙে দেন চীনের কিন হাইয়াংয়ের গড়া আগের বিশ্বরেকর্ড।

২০২৩ সালে জাপানের ফুকুওকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি করেছিলেন কিন।

নিজের লক্ষ্য পূরণে উচ্ছ্বসিত ওহাশি বলেন, ‘বিশ্বরেকর্ড করা আমার লক্ষ্য ছিল, তাই এটি পেয়ে আমি খুব খুশি। আমার পরবর্তী লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা।’

এই ইভেন্টে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। দক্ষিণ কোরিয়ার চো সুং-জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

এশিয়ান গেমসে এটি ওহাশির দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন তিনি।

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বরেকর্ড ও এশিয়ান গেমসের সাফল্যে ওহাশি এখন বিশ্ব সাঁতারের অন্যতম আলোচিত নাম হয়ে উঠছেন। অবশ্য ওহাশির এই সাফল্যের কয়েক দিন আগেই তার প্রশংসা করেছিলেন অলিম্পিকের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন ফরাসি সাঁতারু লিও মার্চাঁ।

/টিই/