১-০ গোলে হারাও আমাদের জন্য সাফল্য: বাংলাদেশ কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১-০ গোলে হারাও আমাদের জন্য সাফল্য: বাংলাদেশ কোচ
বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি

বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৮১, মালয়েশিয়ার র‌্যাঙ্কিং ১৩৬। আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের ‘আন্ডারডগ’ মানলেও বাস্তবতার মাটিতে পা রেখেই স্বপ্ন দেখার কথা বলেছেন বাংলাদে ফুটবল দলের কোচ থমাস ডুলি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার বিপক্ষে লড়াই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডুলি।

ডুলি বলেন, ‘যখন আপনি মাঠে নামেন, আপনি আপনার সর্বোচ্চটা দিতে চান। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি জানি বাংলাদেশের অনেক ভক্ত ভাবেন যে আমরা এখানে এসে সবাইকে হারিয়ে দেবো। কিন্তু এটা অনেক কঠিন। আমি সবসময়ই বলি, আমাদের বাস্তববাদী হতে হবে। র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়া আমাদের চেয়ে ৪০ থেকে ৫০ পয়েন্ট এগিয়ে। এটি বেশ বড় ব্যবধান।’

তবে র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ লড়াই ছাড়বে না বলেও জানিয়েছেন ডুলি। তিনি বলেন, ‘আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো। তবে আমাদের এটিও বুঝতে হবে যে মালয়েশিয়াও ঠিক আমাদের মতোই চিন্তা করে। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা যেমন হারতে চাই না, মালয়েশিয়াও ঠিক একইভাবে ভাবে। তারা আমাদের বিরুদ্ধে হারতে চায় না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই মূলত এই টুর্নামেন্টকে দেখছেন ডুলি। তার মতে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশকে নিজেদের অবস্থান বুঝতে সাহায্য করবে।

ডুলি বলেন, ‘ভবিষ্যতে আমাদের বড় টুর্নামেন্ট হলো সাফ টুর্নামেন্ট। আগামী নভেম্বরে আমাদের ঘরের মাঠে আয়োজিত হতে যাওয়া সেই টুর্নামেন্টের জন্য এটি একটি উপযুক্ত প্রস্তুতি।’

ফুটবলে রাতারাতি উন্নতির কোনো পথ নেই বলেও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ।

বাংলাদেশের কোচ বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো বর্তমানে আমাদের অবস্থান কোথায় তা জানা। আমরা এখনো ১০০ শতাংশ নিশ্চিত নই যে আমরা কোন পর্যায়ে আছি। ভালো ফল করা, যেমন ১-০ গোলে হারা বা ড্র করতে পারাটা আমাদের জন্য সাফল্য হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের উন্নতির পথ।’

/টিই/