পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

নড়াইল সংবাদদাতা
নড়াইল সংবাদদাতা
পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এখনো গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে পতিত শক্তি।’

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে সে পালিয়ে যাওয়ার পরেও পার্শ্ববর্তী দেশ থেকে তার অভ্যন্তরীণ অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।’

এ সময় নেতাকর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘অনেক চেষ্টা করার পরেও এ দেশের স্বাধীনতা যেমন কেউ কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

এর আগে, এদিন বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে কালিয়ায় পৌঁছান রুহুল কবির রিজভী। এ সময় পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুরের কবর জিয়ারত করেন। পরে নিহতদের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

/এফআর/