দেশজুড়ে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি: আখতার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দেশজুড়ে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি: আখতার
পাঁচ দফা দাবি আদায়ে টানা কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনার প্রতিবাদে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবেই একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু বর্তমানে দলটির কয়েকজন ব্যক্তির বিচার হলেও সামগ্রিক বিচারপ্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কোন ভিত্তিতে হবে, তা পরিষ্কার করা দরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়তে আগ্রহী এনসিপি।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও হাসপাতালে হামলার ঘটনায় গত কয়েক দিনে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবে এনসিপি।

বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে জানানো হয়।

/এমআর/